পোপ ফ্রান্সিস আর নেই: ভ্যাটিকানের নিশ্চিত ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস (আসল নাম জর্জ মারিও বার্গোগলিও) মারা গেছেন। সোমবার, ২১ এপ্রিল স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ভ্যাটিকানের একটি ভিডিও বার্তার বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার এই শীর্ষ ধর্মগুরু।
ইস্টার উৎসব উদযাপনের পরদিনই মারা গেলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর আগের দিন রোববার, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
পোপ ফ্রান্সিস সম্প্রতি ফুসফুসে নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৩ মার্চ তিনি ভ্যাটিকানে ফেরেন। তার ফুসফুসে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে, যা পরবর্তীতে নিউমোনিয়ায় রূপ নেয়।
চিকিৎসাধীন অবস্থায় রক্তশূন্যতা, প্লেটলেট হ্রাস এবং কিডনি অকার্যকারিতার প্রাথমিক লক্ষণ ধরা পড়ে। ২৮ ফেব্রুয়ারি তার অবস্থার অবনতি ঘটলে তাকে এনআইভি ভেন্টিলেশনের সহায়তা নিতে হয়।
২০১৩ সালের ১৩ মার্চ পোপ হিসেবে নির্বাচিত হন আর্জেন্টিনার এই ধর্মযাজক। তিনি দরিদ্রদের পাশে দাঁড়ানো ও জাঁকজমকপূর্ণ জীবন থেকে দূরে থাকার জন্য পরিচিত ছিলেন। পোপ হিসেবে তিনি কখনোই অলংকৃত অ্যাপোস্টলিক প্রাসাদে বসবাস করেননি।
পোপ ফ্রান্সিস দায়িত্ব গ্রহণ করেছিলেন এমন এক সময়, যখন গির্জা ছিল শিশুদের যৌন নির্যাতন কেলেঙ্কারি ও প্রশাসনিক কোন্দলে জর্জরিত। গির্জায় শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে শুরু করেছিলেন তার যাত্রা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |